খুলনার কয়রা উপজেলা সদরে একটি ঘড়ি, চশমা ও মোবাইলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে কয়রা বাজারের নিউ ঘড়ি, চশমা অ্যান্ড মোবাইল মহল নামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কয়রা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানটির মালিক মো. ইব্রাহিম খলিল জানান, অগ্নিকাণ্ডে দোকানে থাকা ঘড়ি, চশমা, মোবাইল ফোন ও বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কয়রা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ। কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..