খুলনার কয়রা উপজেলার সোনালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা পাবেন।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস।
উদ্বোধনের আগে ব্যাংকের সম্মেলন কক্ষে গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, কয়রা শাখার ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. ইশরাত হোসেন। এছাড়া বক্তব্য দেন কয়রা শাখার প্রিন্সিপাল অফিসার দিব্যেন্দু রায়, নিহার রঞ্জন রায়, সাংবাদিক রিয়াছাদ আলী, মাস্টার আব্দুর রউফ, গোলাম রব্বানী, মো. ফরহাদ হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক আব্দুল মালেক, সাধারণ গ্রাহক আজগার আলী ও তাহমিনা খাতুন।
বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এটিএম বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে গ্রাহকরা ব্যাংকের কার্যদিবসের বাইরে যেকোনো সময় নিরাপদে টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..